নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে উপজেলায় ড্রাম ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত ও তার চার সন্তান আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৮টায় শ্রীপুর উপজেলার সোহাদিয়া গ্রামে সাতখামাইর-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- ফজলুল হক ওরফে বর্তু মিয়া (৫৫)। আহতরা হল- মেয়ে তানিয়া আক্তার (২২), সাদিয়া আক্তার (১৪), ছেলে নয়ন (১৮) ও মোহাম্মদ মাহিন (৪)। তাদের বাড়ি কিশোরগঞ্জের নিকলী থানার আলিয়া পাড়া এলাকায়।
শ্রীপুর থানার এস আই মোহাম্মদ রফিক ও স্থানীয়রা জানান, বর্তু মিয়া তার সন্তানদের নিয়ে এক সিএনজি অটোরিকশা করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল পৌণে ৮টার দিকে সোহাদিয়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাতে থাকা সকলেই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বর্তু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানিয়া, সাদিয়া ও মাহিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

