জয়পুরহাট সংবাদদাতা : কাজে যাবার সময় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় বিউটি বেগম নামে এক গৃহ-পরিচারিকা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিউটি বেগম (৪৫) জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, বিউটি বেগম জয়পুরহাট শহরের নিকটবর্তী গ্রাম হানাইল থেকে প্রতিদিন শহরে এসে বিভিন্ন বাসায় গৃহ-পরিচারিকার কাজ করে আবার রাতে বাড়ি ফিরে যেতেন।
সকালে তিনি প্রতিবেশীর মোটরসাইকেলে করে জয়পুরহাট আসছিলেন। পথে জয়পুরহাট থেকে বগুড়াগামী এক যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে বিউটি রাস্তার ওপরে পরে যান। পরে ওই বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

