কুয়াকাটা প্রতিনিধি : স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছে ‘বিচ ম্যারাথন’।
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ” শিরোনামে ১০ কিলোমিটার ব্যাপী এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন পটুয়াখালী ও বরগুনা জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী।
র্যাবের এ আয়োজন উপলক্ষে কুয়াকাটা বিচে এক রকম উৎসবের আমেজ তৈরি হয়েছে।
র্যাব জানিয়েছে, স্থানীয়দের সাথে বৈঠক করে পর্যটকদের বিভিন্ন স্পটে ঘুরে বেড়ানোর জন্য সী বিচে চলাচলকারী সাত শতাধিক মোটরসাইকেল বন্ধ করা হয়েছে। ঘোড়া, তিন চাকার গাড়ি এবং পিকআপ সবই বন্ধ রয়েছে আজ।
মাদকবিরোধী এই ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও র্যাব-৮ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।
র্যাব সদরদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মে থেকে র্যাব ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে।
সারাদেশে এ অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১৩০ জন মাদক ব্যবসায়ী মারা যায়। গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৩২ হাজার ৭৪৬ জন মাদক ব্যবসায়ী। উদ্ধার হয়েছে হিরোইন ৬৫ কেজি, ইয়াবা ১ কোটি ৪০ লাখ ৯৪ হাজার পিস, ফেনসিডিল ২ লাখ ৪১ হাজারের বেশি, বিদেশি মদ ১৫ হাজার ৫১০ বোতল, দেশি মদ ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার লিটার।
এ বিষয়ে র্যাব সদরদপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী, বরগুনার স্থানীয় ৩০টি স্কুল কলেজের ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
তিনি বলেন, স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটি অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে “মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ” স্লোগান নিয়ে মাদকবিরোধী আমাদের এ উদ্যোগ। যাতে করে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।
তিনি আরো বলেন, নৌ ও সীমান্তবর্তী স্থানীয় এলাকার যুব সমাজ যেন মাদকে না জড়ায় সে চেষ্টা র্যাব শুরু থেকে করে আসছে। আজকের এই অনুষ্ঠানটি প্রচার প্রচারণার মাধ্যমে মাদকবিরোধী এ ক্যাম্পেইন আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।

