দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের হিলি সীমান্তে জেঁকে বসেছে কনকনে শীত। তিন দিনেও দেখা মেলেনি সূর্যের।
প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছেন এখানের ছিন্নমূল মানুষ। অনেকস্থানেই শীতার্তরা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
খেটে খাওয়া মানুষেরা বের হতে পারছে না কাজের সন্ধানে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা, ব্যহত হচ্ছে শীতকালীন সবজি উৎপাদন। তীব্র শীত ও ঘন কুয়াশায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অন্যদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে।
উপজেলার জালালপুর গ্রামের আকরাম হোসেন জানান, তীব্র শীতের কারণে সকাল সকাল ঘর থেকে বের হতে পারছেন না। এমতাবস্থায় সংসারের সদস্যদের চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন।
দিনমজুর মোখলেছ জানান, প্রতিদিন জীবিকার জন্য কাজের সন্ধানে তার বাইরে যেতে হয়। কিন্তু শৈত্য প্রবাহের কারণে তার সে পথটিও বন্ধ হয়ে গেছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, ‘সারা দেশের ন্যায় এবার হিলিতেও শীতের দাপট অনেক। অসহায়, গরীব ও খেটে খাওয়া দিনমজুরদের পাশে আমরা দাঁড়িয়েছি। প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে শীতার্তদের গায়ে গরম কম্বল পড়িয়ে দিচ্ছি। শীত থাকাকালীন আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

