নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার উমাগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওলি (৬৫) ওই গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নিহতের ভাই খলিল আহমদ (৫৫), তার স্ত্রী রহিমা বিবি (৫৫) ও ছেলে মামুন আহমদ (৩০)।
নিহতের বড় মেয়ে শিরিন বেগম জানান, বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা-চাচি ও চাচাতো ভাইরা মিলে তার বাবাকে (ওলি) হত্যা করে। হত্যার পর লাশ ঘরে রেখে দরজা তালাবদ্ধ করে রাখে তারা। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সিলেট জেলা পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন এএসপি আব্দুল করিম।


