পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের নিজ বাসার ছাদ থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত কলেজ ছাত্র ফারদিন মাহমুদ রাফিন (১৭) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের প্রবাসী সেলিম মাহমুদ হাওলাদারের পুত্র এবং ইন্দুকানী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
রাফিনের মামা ইমরান হাওলাদার জানান, মাগরিবের নামাজের পরপরই রাফিনের মা তাকে ফোন দিয়ে জানান তাদের বাসার ছাদে রাফিন অসুস্থ হয়ে পড়ে আছে। পরে রাফিনকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, সন্ধ্যা ৬ টার দিকে রাফিন নামের এক যুবককে তার মা সহ পরিবারের কয়েকজন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ও শরীরর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, কলেজ ছাত্র রাফিনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পুলিশ তদন্ত করে দেখছে।

