নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোমিন (১৪) নামের এক বখাটে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেন্দুয়া বাজারে এই ঘটনা ঘটে। পরে রাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে।
মোমিন উপজেলার সুজলকর গ্রামের ডেকোরেশন ব্যবসায়ী ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এসময় মোমিন শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে তাদের দোকানের পাশে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে শিশুটি কান্না করে তার বাবা-মায়ের কাছে সব বলে। এ অবস্থায় বাড়ির লোকজন মোমিনকে ধরে এনে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মোমিনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোমিনকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে রাতেই নির্যাতনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


