নাটোর সংবাদদাতা : হেমন্ত চলে যাচ্ছে বলেই শীত হাতছানি দিচ্ছে। আর শীতের আগমনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহের জন্য গাছগুলোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের গাছিরা।
হেমন্তজুড়ে উৎসবমুখর পরিবেশে মাঠ থেকে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। নতুন ধানের মৌ মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই সাথে মধুবৃক্ষ খেজুর গাছেও এসেছে রস।
খেজুর রস সংগ্রহ করার জন্য আগেই খেজুরগাছ পরিষ্কার করে হাড়ি লাগানোর জন্য প্রস্তুত করতে হয়। তাইতো এখন খেজুরগাছের ডালপালা কেটে ফেলে হাড়ি লাগানোর জন্য প্রস্তুত করার কাজ চলছে।
হেমন্ত, শীতে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হয়ে থাকে। তাই শীত শুরুর সাথে সাথে গাছিরাও ইতোমধ্যেই খেজুরগাছ প্রস্তুত করে রস আহরণের কাজ শুরু করেছে।
খেজুরের রস ও খেজুর গুড় দিয়ে তৈরি বাংলার ঐতিহ্য পিঠা-পায়েস শীতের সময়ের অন্যতম আকর্ষণীয় খাবার। যদিও সেই সোনালী দিন আজ আর নেই। তবুও উপজেলার বিভিন্ন এলাকার গাছিরা খেজুরগাছ তৈরির কাজ শুরু করেছেন।
সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের রবিউল করিম চলেন, ৩০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করি। এখন খেজুর গাছের ডালপালা কেটে হাড়ি লাগানো হচ্ছে। প্রতিটি খেজুরগাছের ডালপালা কেটে নিতে ৮০ থেকে ১০০ টাকা মজুরি দিতে হয়।


