কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন দেলু (৩৬) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় চান্দিনা থানার ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর সীমানার তুলাতলী কড়াইগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত দেলোয়ার হোসেন দেলু চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্তত সাত মামলা রয়েছে।
এসময় আহত হন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল, উপ-পরিদর্শক আহাদুজ্জামান, কনস্টেবল রেহান উদ্দিন ও সায়েম খান।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন জানান, শনিবার রাতে চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের এক বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতদল তুলাতলী-শ্রীমন্তপুর ও এতবারপুর সীমানার এক কড়াই গাছের নিচে সংঘবদ্ধ হন। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও ওসি আবুল ফয়সলের নেতৃত্বে ডাকাতদের ধরতে ওই স্থানে অভিযান চালানো হয়।
ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদের গুলিতে ডাকাত সর্দার দেলোয়ার গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় চান্দিনা থানার অফিসার ইন-চার্জসহ (ওসি) চার পুলিশ সদস্য আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিন ছেনি, একটি দরজা ভাঙার শাবল ও তালা ভাঙার শাবল উদ্ধার করা হয়েছে।


