সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্বিতীয় স্ত্রী মারুফা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সেপটিক ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
আটক শহিদুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত লাল চাঁন কারিকরের ছেলে।
পরে পুলিশ শহীদুলকে জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন।
জানা যায়, গত ১৭ নভেম্বর শ্বাসরোধ করে স্ত্রী মারুফাকে হত্যা করেন শহীদুল। এরপর মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য স্ত্রী নিখোঁজ হয়েছে এই মর্মে জিডিও করেছিলেন গত ১৯ নভেম্বর। কিন্তু বিষয়টি আচ করতে পেরে গ্রামবাসীরা শহীদুলকে আটক করে খবর দিলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মারুফার মরদেহ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আটকও করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


