গোপালগঞ্জ প্রতিনিধি : অগ্রহায়ণ নবান্নর মাস। একদিকে চলছে ধান কাটা, অন্যদিকে নবান্ন উৎসবে চলছে সে ধানের চালে তৈরি নানা উপকরণের পরিবেশন। ফলে গ্রামবাংলা জুড়েই এখন উৎসবমুখর পরিবেশ।
সে রেশ ধরে গোপালগঞ্জেও বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে।
এ নবান্ন উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। উৎসবকে ঘিরে সরব হয়ে ওঠে গোপালগঞ্জ শহর। ধর্ম বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষের ঢল নামে।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত জমজমাট নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাম্মী আক্তারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।
এ সময় চিতই, পাটি সাপ্টা, পুলিসহ বিভিন্ন ধরনের বাহারি পিঠা পরিবেশন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও শিশু শিল্পীদের পরিবেশিত নাচ গানে মুগ্ধ হন মেলায় আসা মানুষ।
অন্যদিকে নবান্ন উৎসব কেন্দ্র করে সর্বসাধারণের জন্য চিরায়ত বাংলার ঐতিহ্য পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানীরা।


