নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দস্যু চক্রের তিন সদস্যকে আট করেছে র্যাব-১।
সোমবার রাতে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকার রাশেদ খান মিলন (২৬), একই সিটি করপোরেশনের সালনা মিরেরগাঁও এলাকার বাধন চন্দ্র সরকার (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুনবাজার এলাকার আকাশ হোসেন ওরফে সবুজ (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ন্যাশনাল পার্কের ৩ নম্বর গেইটের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে চাপাতি, ছুরি, চাকু, ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকার (যাতে হুটার এবং সামনে পুলিশের নেমপ্লেট লাগালো), ইয়াবা ট্যাবলেট এবং চার মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এক সংঘবদ্ধ দস্যু দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।


