লাইফস্টাইল ডেস্ক : মুখরোচক চিকেন বা বিফ শাসলিক প্রিয় হলেও সব সময় খাওয়া হয় না মোটা হয়ে যাওয়ার ভয়ে। এতো মজার খাবারের লোভ সামলাতে না পেরে কখন যেন খেয়ে বসি। অথচ খুব সহজেই আপনি এড়াতে ভয়কে, নির্ভয়ে খান মাশরুমের শাসলিক। সময় বাঁচায়, মুখরোচক আবার পুষ্টিকর এ খাবারে আপনি পাবেন দেহের প্রয়োজনীয় উপাদান। আসুন শিখে নেয়া যাক সহজে মাশরুম শাসলিক তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
মাশরুম ১০ থেকে ১২ টি, ক্যাপসিকাম কিউব পরিমাণমতো, টমেটো কিউব পরিমাণমতো, পেঁয়াজ ভাজা পরিমাণমতো, আদা-রসুন বাটা ২ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লবণ এক চা চামচ, তেল ৪ টেবিল চামচ।
যেভাবে করবেন
প্রথমে মাশরুমটি আদা-রসুন বাটা, সয়াসস ও লবণ দিয়ে ৩০ মিনিট মাখিয়ে রেখে দিতে হবে। এবার শাসলিকের কাঠির মধ্যে ক্যাপসিকাম, মাশরুম, পেঁয়াজ ও টমেটো একেএকে গেঁথে দিতে হবে। এবার ওভেনের ট্রেতে তেল ব্রাশ করে শাসলিকগুলো দিয়ে ১৮০ ডিগ্রি তাপে ১০ মিনিট বেক করুন। যারা ওভেনে করতে চান না তারা তাওয়ায় অল্প তেলে ভেজে নিতে পারেন। ব্যস সহজেই হয়ে গেল মাশরুম শাসলিক।

