পটুয়াখালী সংবাদদাতা : নিখোঁজের পাঁচ দিন পরও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপার তিনটি ট্রলারসহ ৪৫ জেলের।
শনিবার বুলবুলের কবলে পড়ে গলাচিপার এফবি মা-বাবার দোয়া ফিসিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১২ জেলেসহ ট্রলারটি নিখোঁজ হয়ে যায় বলে তাদের পরিবার থেকে দাবি করা হয়েছে।
কলাপাড়ার এফবি আল হাসান ট্রলারের মালিক আবু হানিফ খান ও এফবি ফেরদৌস খান ট্রলারের মালিক আনোয়ার খান জানান, গত ৬ নভেম্বর সকাল থেকে ৩৩ জেলেসহ তাদের ট্রলার দুটি নিখোঁজ রয়েছে।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের নিখোঁজ জেলেরা হলো, গলাচিপা পক্ষিয়া গ্রামের ট্রলারের মালিক ও মাঝি রিপন খলিফা, ভাগ্নে তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।
মহিপুর আড়ৎদার মালিক সমিতির সভাপতি ফজলু গাজী জানান, তিনটি ট্রলারসহ ৪৫ জেলে এখনো নিখোজ রয়েছে। এসব জেলেদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম।


