নিজস্ব প্রতিবেদক : বরিশালে গৌরনদী ও হিজলা উপজেলার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, নাজমুল হোসেন (২৫) ও সিদ্দিকুর রহমান খান (৩২)।
শনিবার মধ্যরাতে গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লায় নাজমুল হোসেন মারা গেছেন। তিনি একই এলাকার ছরোয়ার সিকদারের ছেলে।
অন্যদিকে, একই দিন বিকেলে হিজলা উপজেলার ইন্দুরিয়া গ্রামে সিদ্দিকুর রহমান খান (৩২) মারা গেছেন। তিনি একই গ্রামের আলী বক্স খানের ছেলে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, নাজমুল হোসেনের গ্রামের কৃষক আজাহার বেপারী তার ধান ক্ষেতে বিদ্যুতের লাইন দিয়ে ইঁদুর মারার ফাঁদ পাতে। নাজমুল বাড়ি যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করালে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম জানান, শনিবার বিকেলে সিদ্দিকুর রহমান গাছ কাটাতে গিয়েছিলেন। এসময় পাশে থাকা বিদ্যুতের তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

