নিজস্ব প্রতিবেদক : জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা।
এরপর সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ ও কারাগারে নিহত জাতীয় নেতাদের কবরে ফুলেল শ্রদ্ধা এবং ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা। পর্যায়ক্রমে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘জাতির পিতা ও তার সুযোগ্য চার সহচরের বর্ণাঢ্য ঘটনাবহুল জীবন-প্রতিটি রাজনৈতিক কর্মী ও তরুণ প্রজন্মের কাছে রাজনীতি শেখার এক অমূল্য পান্ডুলিপি। তারা আমাদের চলার পথের অনুপ্রেরণা ও শক্তি। জেলহত্যা দিবসে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।’
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছালে, বন্দি অবস্থায় বহিরাগতরা জেলে ঢুকে কাউকে হত্যা করতে পারে। ষড়যন্ত্রকারীরা সুপরিকল্পিতভাবে জাতির পিতার মতোই নির্মমভাবে হত্যা করেছিল বাংলাদেশের চার সূর্য সন্তানকে।’
বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সংসদ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু কালচারাল অ্যাকাডেমি, বঙ্গবন্ধু পরিষদ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদসহ অন্যান্য সংগঠন।

