সুনামগঞ্জ সংবাদদাতা : দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। যেকোনো জেলায় দুর্নীতিবিরোধী অভিযান হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ দরিদ্র পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দুর্নীতি শুধু ঢাকায় নয়, যেকোনো জায়গায় হতে পারে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। দুর্নীতিবাজদের জন্য দেশের সুনাম বিনষ্ট হবে তা হতে পারে না। আইনের বাইরে আমরা কিছু করব না।’
উপজেলা প্রশাসনের ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্ব করেন।

