ফেনী সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুবছর হয়ে গেছে খালেদা জিয়া কারাগারে, বিএনপি খালেদার জিয়ার মুক্তির জন্য চোখেপড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। তারা শুধু হাঁকডাক করতে পারে। আন্দোলন করতে পারে না।
শনিবার দুপুর ১২টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দুরভিসন্ধিতে রয়েছে। ওনার শারীরিক অবস্থা নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে এ অসুস্থাকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ তেমনটা উঠে আসেনি।
এসময় তিনি আরো বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার রায়ে সোনাগাজী উপজেলা সভাপতিসহ দুই আওয়ামী লীগ নেতার সাজা হয়েছে। এতে প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থায় বর্তমান আওয়ামী লীগ সরকার হস্তক্ষেপ করে না।
আওয়ামী লীগের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলার ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন জানিয়ে কাদের বলেন, এ মামলায় দোষী ১৬ জনের সবার ফাঁসি হয়েছে। এ থেকে প্রমাণিত হয় অপরাধী যেই হোক তার নিস্তার নেই।
চলমান শুদ্ধি অভিযান নিয়ে মন্ত্রী বলেন, দুনিয়ার ইতিহাসে কোনো দেশে দলীয় সরকার তাদের দলের বিরুদ্ধে এ ধরণের শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা নিজের দলের লোকজনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল । তিনি (শেখ হাসিনা) প্রমাণ করেছেন অপরাধ করলে নিজের দলেরও কেউ ছাড় পাবে না।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মদ সুমনী আক্তার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজি আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান, নোয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।

