ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশ যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করতে একটি মহল মাদক ছড়িয়ে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘শুধু আইন দিয়ে সবকিছু থামানো যায় না। এ বাধাগুলো অতিক্রম করতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ঝালকাঠিতে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার সকাল ১০টায় শহরের পেট্রোলপাম্প মোড়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন শিল্পমন্ত্রী।
সেখান থেকে একটি র্যালি বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ আরো অনেকে।

