ঢাকাThursday , 24 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ভরশীল, তাই পুলিশকে ছাড় দিচ্ছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘এ সরকার পুলিশের উপর নির্ভরশীল, সেজন‌্য সরকার পুলিশকে ছাড় দিয়ে যাচ্ছে। ’
২১ দিন পর বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ তোলেন।
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির সবাইকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
এ হত্যাকাণ্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের ছাড় দেয়া হয়েছে। সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানেই প্রমাণিত হচ্ছে, যেহেতু এই সরকার পুলিশের ওপর নির্ভরশীল, সেহেতু তারা (সরকার) পুলিশকে এসব অপরাধ থেকে ছাড় দিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘মোট কথা, এই সরকার তো নির্বাচিত সরকার নয়। তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা জোর করে ক্ষমতায় আছে, জোর করে থাকার জন্যই তারা এই ধরনের দুর্বৃত্তায়ন করছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩ অক্টোবর চিকিৎসার জন্য সহধর্মীনীকে নিয়ে সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর র‌্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেন। সেখানে তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারির ব্লক পরীক্ষা করতে এনজিওগ্রাম করা হয়।
গত কয়েক বছর ধরে ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারির চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর যান ফখরুল।
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াতে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নে’র (এপিডিইউ) বৈঠকে যোগ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংস্থার ভাইস চেয়ারম্যান। তিনি ১৮ দিন অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানে তার বড় মেয়ে (সামারুহ মির্জা) থাকেন।
দেশে যখন সংবাদের ঘনঘটা ওই সময়টা মিস করেছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তবে আমি ট্র্যাকে ছিলাম, খোঁজ-খবর রেখেছি, অবজার্ভ করেছি। বুয়েটের আবরার ফাহাদ হত্যার যে ঘটনা- এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এটা ক্ষমাহীন একটা অপরাধ।’
তিনি বলেন, ‘কথা বলতে গিয়ে একজন প্রাণ হারাবে, এটা কখনই গ্রহণযোগ্য নয়। আমি তো মনে করি যে, এজন্যই সরকারের পদত্যাগ করা উচিত ছিল। আর ভোলার ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনাগুলোকে আমার কেনো যেন সন্দেহ হয়। নিশ্চিয়ই কোনো না কোনো মহল থেকে এ ধরনের ঘটনাগুলোকে উস্কানি দেয়া হচ্ছে। যারা আমাদের রসুল (সা.) সম্পর্কে এ ধরনের লেখা লেখেন, ধর্ম সম্পর্কে, সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেন এটা নিন্দনীয়। একইসঙ্গে পুলিশ যে গুলি করেছে, সেটা আরো বেশি নিন্দনীয়।’
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আমি মনে করি যে, সরকারের উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে- নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন করে এই সংকটের সমাধান করা।’
মহাসচিবকে অভ্যর্থনা জানাতে হযরত শাহ জালাল আন্তজাতিক বিমানবন্দরে যান বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, এসএম জাহাঙ্গীর, শায়রুল কবির খান, মো. ইউনুস আলী, তরুন দে প্রমূখ।