নিজস্ব প্রতিবেদক : মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু মুসলমান – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তি উচ্চারণ এবং বাংলাদেশ সকল ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল মডেল মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সকল ধর্মের মানুষের মাঝে পারস্পরিক সম্পর্ক প্রীতিময়, সৌহার্দ্যপূর্ণ। সমাজে তারা মিলেমিশে বসবাস করে। সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। দেখা হলে সালাম, আদাব, নমস্কার ইত্যাদি বলে সম্বোধন করে। সমতার সাথে নিজেদের কার্যাদি সমাধা করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন উজ্জ্বল নমুনা বিশ্বের আর কোন দেশে খুঁজে পাওয়া বিরল। বিশ্বের অনেক দেশের জন্য ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ হতে পারে আমাদের প্রিয় বাংলাদেশ।
রোবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে ভোলাগিরি মন্দিরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মনিষ্ঠার সাথে সাথে পারস্পরিক সদ্ভাব, উদারতা প্রতিষ্ঠা করে বসবাস করাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রত্যেক নাগরিকের সুযোগ-সুবিধা, সম্পদের সুরক্ষা তথা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। এদেশের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে এসেছে। সকল ধর্মের মানুষ একসাথে কৃষি কাজ করে, জেলেরা একসাথে মাছ ধরে, তাঁতিরা একসাথে তাঁত বুনে, ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করে, একই হোটেলে বসে একসাথে গল্প করে, চা-নাস্তা করে, গাড়ির পাশের সিটে বসে দূর-দূরান্ত সফর করে, একই অফিসে এক সাথে চাকরি করে, একই টেবিলে বসে আহার করে, কেউ কারো সাথে সংঘাতে জড়ায় না। কেউ কাউকে উৎখাত করতে চায় না।
ন্যাপ মহাসচিব আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে সময় শুধুমাত্র সংখ্যাগুরুরাই রক্ত দেয়নি; সংখ্যালঘুদের অনেকেই রক্ত দিয়েছে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই মিলে শত্রুর মোকাবেলা করেছে। এসব বৈশিষ্ট্যের কারণেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। এর মাঝেও ‘মতলববাজ একটি কুচক্রিমহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম-সুখ্যাতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল ও জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে বিদেশি শক্তির আগ্রাসন সৃষ্টির গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- যাতে ভবিষ্যতে আর কেউ দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রমূলক কূটচালের সাহস করতে না পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ঢাকা মহানগর সভাপতি মো. মহীদুননবী ডাবলু, শ্রী শী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রাজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শ্রী গোপাল সাহা, অমিত সাহা ও স্বর্ণা সাহা প্রমুখ।

