নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে কৃষকদল।
তিনি বলেন, এ দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছে। এটাই সরকারের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেত্রী অসুস্থ, মানবিক কারণে তিনি মুক্তি পেতে পারেন, চিকিৎসা পেতে পারেন। উনাকে চিকিৎসার জন্যও কোনো সুযোগ দেয়া হচ্ছে না, যদিও আইওয়াশ করা হচ্ছে যে, ওনাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলখানার মধ্যে এটা কোনো চিকিৎসা না। তিলে তিলে দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, এ দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা।
ভারতকে ৫০০ মেট্রিক টন ইলিশ দিয়ে আমরা কী পেয়েছি, এ প্রশ্ন তুলে তিনি বলেন, বিনিময়ে আমরা কী পেলাম জানেন, ফারাক্কার ১০৯টা গেট খুলে দিয়েছে। দেশ বন্যায় ডুবে যাবে।
তিনি বলেন, এদেশের মানুষ মনে করে, আজকে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের অভ্যন্তরে, দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াই পারেন সামাল দিতে। কোনো অনৈতিক সরকার এটা সামাল দিতে পারবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,’ টিআইবির রিপোর্ট বলছে, তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে বাংলাদেশ সরকারের ৪৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৪৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে, এতে আমার কোন দুঃখ নাই। আমার প্রশ্ন হলো- এই টাকা পেলেন কোথা থেকে?
ক্যাসিনো ইস্যুতে যারা ধরা পড়েছে তাদেরকে টোকাই আখ্যায়িত করে রাঘব বোয়ালদের ধরার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
কৃষক দলের সদস্য এস কে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রমুখ বক্তব্য দেন।

