নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতারা যেসব অবৈধ অর্থ আর সম্পদ বানিয়েছেন, সেগুলোর খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির সেসব তথ্য শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির নেতাদের সম্পদের তথ্যও বের করা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।’
নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি গুজব, কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম, এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।’
নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, টাস্কফোর্সের কাজ এখনো শুরু হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন। খুব শিগগিরই কমিটি কাজ শুরু করবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।
গত বছরের জুলাইয়ে বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ওই এলাকায় আন্ডারপাস নির্মাণ শুরু করে সরকার।
এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে। কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ। এটি চালু হলে জনগণ উপকৃত হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর প্রকল্প পরিদর্শনের সময় সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

