নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বৃহস্পতিবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে আবেদন করেছেন আইনজীবী সুব্রত কুমার কুণ্ড। অন্যদিকে দুদকের পক্ষে রয়েছেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।
পরে অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, এ মামলায় গত ৭ জুলাই হাইকোর্ট তার জামিনে রুল জারি করেছেন। পরে ২২ আগস্ট সেই রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এরপরও তিনি পুনরায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদিঘী থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ। পরে চলতি বছরের ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে আবেদন করেও জামিন পাননি তিনি। যার ধারাবাহিকতায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

