লাইফস্টাইল ডেস্ক : সবজি হিসেবে বেগুনের কদর নানামুখী। ভাজি, ভর্তা, ঝোলের তরকারি সবখানেই বেগুনের সমান আধিপত্য। কারো কাছে সবজি পছন্দের তালিকায় শীর্ষে বেগুনের নাম। পুষ্টিগুণে অনন্য এই বেগুনের বাহারি পদ, নজর কাড়ার সঙ্গে কাড়ে ভক্তহৃদয়। আজ শিখে নেব সেরা সবজি বেগুনের সঙ্গে মাংসের মিতালি তৈরির দারুণ এক উপায়। ধোয়া ওঠা ভাতের সঙ্গে ভাবুন তো একবার, মাংস পুরে ভরা বেগুন পাকোড়া…
যা যা লাগবে
পুরের জন্য
সেদ্ধ যে কোনো মাংসের কিমা আধা কাপ, আদাবাটা আধা চা চামচ, রসুনবাটা আধা চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, গোলমরিচগুঁড়া আধা চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
গোলার জন্য
ময়দা ৪ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, আধা মগ পানি, লবণ সামান্য।
যেভাবে করবেন
পুরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রেখে দিন। অন্য একটি পাত্রে গোলার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন গোলা করে রাখুন। এবার ১টি বেগুনের টুকরোর ওপর মাংসের পুর দিয়ে আরেকটি বেগুনের টুকরো দিয়ে ঢেকে টুথপিকে গেঁথে নিতে হবে। তারপর সেই বেগুন গোলার মধ্যে ডুবিয়ে গরম ডুবো তেলে বাদামী করে ভাজতে হবে। ব্যস হয়ে গেল মাংস পুরে ভরা বেগুন পাকোড়া। গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে বেশ জমবে মচমচে বেগুন পাকোড়া।

