কক্সবাজার প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপির মুখে দুর্নীতির বক্তব্য ভূতের মুখে রাম নাম।
বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি অফিস প্রধান সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘অন্য দলের লোক নয়, নিজের দলের লোক মনে করে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। সরকারের এই শুদ্ধি অভিযান সকল মহলে প্রশংসা পেয়েছে।’
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেও বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদেশ্যে বলেন, ‘জনগণের সেবায় কাজ করবেন। আওয়ামী লীগ করার প্রয়োজন নেই।’
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

