নিজস্ব প্রতিবেদক : দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে। তারা জুয়া খেলে কোনো রকমে টিকে থাকতে চায়। যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারীরা চুপচাপ চলে যায় মান-সম্মান, ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও নয়তো যাও।’
তিনি বলেন, ‘আজকে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসছে সরকারের পাপের ইতিহাস।’
গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্যাসোনোগুলোয় কাজ করে বিদেশিরা এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করছেন।’
খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একবারও বলি নাই বেগম জিয়াকে দয়া করে ছেড়ে দেন। দেশের একজন নাগরিক হিসেবে তার যেটা প্রাপ্য সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস। সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যরা বক্তব্য দেন।

