নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেব যেটা বলেছেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। সেটা আমি বলবো ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান), উনিতো বড় অজগর সাপ। যা সামনে আসে তাই জ্যান্ত গিলে ফেলে।
রোববার সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন।
সম্প্রতি বিভিন্ন অভিযানে ধরা পড়া অপরাধীদের মদদদাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযানে যারা ধরা পড়ছে তাদের সঙ্গে যদি কোন প্রভাবশালীর সখ্যতা থাকে বা অপরাধীদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটির জন্য বিএনপির উচিৎ সরকারকে সাধুবাদ জানানো। যেখানে মাদক, ক্যাসিনো বা অনিয়ম হচ্ছে সেখানে ব্যবস্থা গ্রহণ করছেন। সেই ক্ষেত্রে অপরাধী কোন মতের সেটা দেখা হচ্ছে না।
তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে প্রত্যেক কাজে ১০ শতাংশ কমিশন নিতো, এখানে ফূর্তি করা হতো। সেই জায়গায় প্রধানমন্ত্রী এসব ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে অগ্রসর হচ্ছে। এখানে বিএনপির খুশি হওয়ার কথা। আর তাদের ব্যর্থতার জন্য লজ্জা পাওয়ার কথা।’
তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করবো, তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে সবকিছু গিলে ফেলে। সেই ভারপ্র্রাপ্ত চেয়ারম্যানকে সেই জায়গায় রেখে, আর নিজেরা বাংলাদেশকে পরপর দুর্নীতিতে ৫ বার চাম্পিয়ন বানিয়ে এসব নিয়ে তাদের নৈতিক কোন সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আমরা পরপর তিনবার সরকারে থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে।’

