
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র উদ্যোগে গত ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত রংপুরের কাউনিয়ায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (রংপুর) ড. মো. সারোয়ারুল হক; এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি : দক্ষ ও বুদ্ধিভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের আয়োজন করছে। এ লক্ষ্যে সংস্থাটি দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষক-প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
এর ধারাবাহিকতায় রংপুরের কাউনিয়ায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র উদ্যোগে গত ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত থেকে উপজেলা কৃষি অফিসে ২ ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে উপসহকারী কৃষি কর্মকর্তা, স্কুল শিক্ষক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম ও বেসরকারি সংস্থা (এনজিও)’র কর্মীসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দ্বিতীয় ব্যাচে স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বেধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (রংপুর) ড. মো. সারোয়ারুল হক। এছাড়া বারটান-এর বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাও প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণার্থীদের খাদ্যের মুখ্য ও গৌণ উপাদান, প্রধান প্রধান খাদ্যের পুষ্টিমাণ, বিভিন্ন বয়সে সুষম খাদ্য, খাদ্য উপাদানের অভাবজনিত রোগ এবং তার প্রতিকার ও প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টির অবস্থা নিরূপণ, খাদ্য নির্দেশিকা, পুষ্টি সম্মত উপায়ে খাদ্য প্রস্তুতকরণ ও রন্ধন পদ্ধতি, পরিবার পর্যায়ে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, খাদ্য দূষিত হওয়ার কারণ ও প্রতিরোধের উপায়, পরিবেশ ও স্বাস্থ্য উন্নয়নে বনজ ও ভেষজ গাছের ভূমিকা, অধিক পুষ্টিমান সম্পন্ন শাক, সবজি ও ফল চাষ, মাছ চাষ, পশু-পাখি পালনসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

