নিজস্ব প্রতিবেদক : সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেছেন, ‘এনাফ ইজ এনাফ। এবার বিরোধী মতের ওপর অব্যাহত হামলা বন্ধ করুন। না হলে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র বলে কিছু থাকবে না।’
বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল আলম চৌধুরী বলেন, ‘রিয়াজ রহমানের মত স্বজ্জন ব্যক্তির ওপর টার্গেটেড হামলায় দেশবাসী উদ্বিগ্ন। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাদের টার্গেট করে একের পর এক আটক ও হামলা ইঙ্গিতপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘কারা এমন ঘটনা ঘটিয়েছে জানি না, তবে সরকারের তা জানা উচিত। কেননা ক্ষমতায় যারা থাকে তাদের এসব বিষয়ে জানতে হয়। অপরাধীদের আটকের ক্ষেত্রে এসব সরকারের জানা উচিত।’
সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর (ক্লিনিক্যাল অপারেশন) ডা. দবির উদ্দিন আহমেদ জানান, রিয়াজ রহমানের চিকিৎসায় ডা. আমিনুল হাসানের নেতৃত্বে ৬ সদস্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। তার সিটিস্ক্যান ও এমআরআই পরিক্ষায় কোন গুলির উপস্থিতি পাওয়া যায়নি তবে কোমরে ও হাঁটুতে মোট চারটি ক্ষত চিহ্ন রয়েছে যা দিয়ে গুলি বেরিয়ে গেছে।’
ডা. আরো বলেন, ‘রিয়াজের বা পায়ের অনুভূতি কমে গেছে, এবং তিনি বাম গোড়ালি নাড়াতে পারছেন না। তার চিকিৎসা চলছে। উন্নতির লক্ষণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
সংবাদ সম্মেলনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান বলেন, ‘গুলির ঘটনা দেশ ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করেছে। রিয়াজ রহমান এখনও আশঙ্কামুক্ত নন। কেননা তার এখনও অপারেশন হয়নি।’ এসময় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

