নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর নিজ দলের নেতাকর্মীরাই হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বিএনপির মিথ্যাচার এবং দেশ ও গণবিরোধী ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘তারা আজ নতুন খেলায় মেতে উঠেছে। দেশের সাধারণ মানুষ যখন তাদের আন্দোলনে সাড়া দেয়নি, তখন তারা নিজেদের নেতার ওপর নিজেরাই হামলা করে জনগণের সহানুভূতি লাভের চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘যারা কংগ্রেসম্যানের স্বাক্ষর এবং বিজেপি সভাপতি অমিত শাহের ফোন করার বিষয় নিয়ে দেশের মানুষের কাছে মিথ্যাচার করে তাদের পক্ষে সবই করা সম্ভব।’
‘প্রধানমন্ত্রীর বক্তব্য পাগলের প্রলোপ’- রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘রাস্তায় যেসব পাগল কাপড় ছাড়া ঘুড়ে বেড়ায়, তারা ভাবেন সে ছাড়া সবাই পাগল। রিজভীও এমনটি ভাবছে। সে নিজে এবং তার নেত্রীও পাগল।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার প্রমুখ।

