নিজস্ব প্রতিবেদক : পরিবারসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ উন্মোচন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি ষড়যন্ত্র করছে, পৃথিবীর কোনো শক্তি নেই যে আন্দোলন করে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে।
শনিবার দুপুরে শাহবাগ থানা আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর স্বাধীনতা বিরোধী শক্তি দেশ শাসন করেছে। এই সময়ে তারা সরাকারি সুযোগ সুবিধা নিয়েছে। এটা জাতীর কলঙ্ক। আমরা সরকার গঠন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনা শুরু করি। কয়েকজনের রায় কার্যকর করা হয়েছে। বাকিদের বিচারের আওতায় আনার চেষ্টা চলছে। এবার বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ উন্মোচন করা হবে।
রাজাকারদের রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উঠেপড়ে লেগেছিলেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ২০১১ সালে রাজাকারদের বাঁচাতে তিনি লংমার্চ করেছিলেন। সেসময় চাপাইনবাবগঞ্জে গিয়ে বক্তব্যে বলেছিলেন- মতিউর রহমান নিজামি, সালাউদ্দীন কাদের চৌধুরী রাজাকার না।
‘খালেদা জিয়া কীভাবে জানলেন কে রাজাকার আর কে রাজাকার না। তিনি তো যুদ্ধের সময় ক্যান্টনমেন্টে ছিলেন। সেখানে আতিথেয়তা পেয়েছিলেন। আরাম আয়েশে ছিলেন। মা বোনদের কীভাবে নির্যাতন হয়েছিল তা দেখেননি।’- বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

