নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হলে আমাদেরকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।
বুধবার রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, জাতির জনক তার জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রায় ১৪ বছর জেলখানায় কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন আজকের এই অর্থনৈতিকভাবে উদীয়মান বাংলাদেশকে দেখবেন বলে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার আদর্শকে ধারণ করে ব্যক্তিস্বার্থের কথা ভুলে গিয়ে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। একই সাথে তিনি দেশকে ধীরে ধীরে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জননেত্রীর নেতৃত্বে আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।
তিনি আরে বলেন, মানুষ এখন দেশে সুখে-শান্তিতে বসবাস করছে। কাজেই আমরা যদি সত্যিই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে থাকি, তাহলে আমাদেরকেও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। তাহলে দেশের মানুষও ভালো থাকবে আর জাতির জনকের আত্মাও শান্তি পাবে।
আলোচনা সভায় সভাপতি ছিলেন কাজী ফিরোজ রশিদ।

