নিজস্ব প্রতিবেদক : মশা নিধন কার্যক্রম সঠিকভাবে করতে না দিলে সরকার কঠোর হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনের প্রাতিষ্ঠানিক ক্ষমতা আরো বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত আমদের চ্যালেঞ্জগুলো হচ্ছে সরকারি কাজে বাধা এবং জনগণের অসচেতনতা।’
সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহার রোডে মশার লার্ভা ধ্বংসের অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম জানান, ‘সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। তাহলে এডিস মশা নির্মূল সম্ভব।’
এ সময় এডিস মশার লার্ভা ধ্বংসের কাজ ঠিকমতো চলছে কি না তা খতিয়ে দেখেন মেয়র।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ নুরজাহান রোড থেকে শুরু হয়ে তাজমহল রোড, শ্যামলীর রিং রোড, কল্যাণপুর, মিরপুর ১, মিরপুর ১০ এ তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করবেন মেয়র।

