ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু মোকাবেলায় দলটির এক বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটিতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এই সংখ্যা আমরা যতটাই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন, এখনো এটা নিয়ন্ত্রণে আসে আসেনি। এটা হলো বাস্তবতা। বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে।’
ডেঙ্গুবিরোধী প্রচারণা ও পরিষ্কার পরিচ্ছন্নতায় দলের নেতা-কর্মীদের অনুপস্থিতির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছিলাম। কেন্দ্রীয়ভাবে আমরা তিন দিন তিনটি জায়গায়, প্রথমত ধানমন্ডি এলাকায়, পরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে, এরপর আমরা ফার্মগেট এলাকায় এবং শান্তিনগর এলাকায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করেছি।’
‘এই কর্মসূচিটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছি। জনস্বার্থে, দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমাদের নেত্রীর নির্দেশনায় এই কাজটি আমরা করব। আমরা নামে মাত্র দু‘চার জায়গায় কর্মসূচি পালন করলাম, বেশিরভাগ ওযার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হলো না, কর্মসূচি পালন হলো না। এই দায়সারা কর্মসূচির কোনো প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘এতে এডিস মশার প্রজনন ক্ষেত্রও বন্ধ হবে না, এডিস মশার উৎসমূল বন্ধ করতে পারব না। ডেঙ্গু জ্বরের যে ভয়ঙ্কর বিস্তার আমরা রোধ করতে পারব না।’
ঈদকে সামনে রেখে ডেঙ্গু মোকাবেলায় দলের পদক্ষেপ বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সামনে ঈদ, ঈদের সময় সিটি থেকে অনেকেই গ্রামে যাবেন। অনেকেই যাচ্ছেন, যাবেন। এখানেও এই ডেঙ্গু জ্বরের বিস্তারের একটা আশঙ্কা আছে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রথম কাজটি হচ্ছে এই সচেতনতা এবং সতর্কতা প্রচার করা। এই মশার প্রজনন ও বংশ বিস্তার বন্ধের পূর্ব শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা।’
সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সকল দলীয় কাউন্সিলার, আওয়ামী লীগ দলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।