নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির দুই মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলা দুটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।
কেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন।
খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূইয়া এতথ্য জানান।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ‘স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে’ আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।

