নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া রাজবাড়ী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সালমা চৌধুরী।
রোববার এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জুলাই বৃহস্পতিবার ছিল এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজবাড়ীর সালমা চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। পরে তা যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করে ইসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় তার প্রার্থীরা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ(সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ১২ ধারা এর উপ ধারা (২) অনুসারে তফসিলে উল্লেক্ষিত একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হল।
সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, ১০ জুলাই রুশেমা মারা যান। এর পরের দিন ১১ জুলাই এ আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়।

