নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর প্রকোপ অব্যাহতভাবে বাড়তে থাকায় জাতীয় ভিত্তিতে ডেঙ্গু মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের দাবি করেছে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন দলটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘যেহেতু ডেঙ্গুর ব্যাপকতা বেড়েছে, ডেঙ্গু ঢাকার বাইরেও ছড়িয়ে পরেছে। যেহেতু ডেঙ্গুর প্রকোপ প্রলম্বিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। যেহেতু আগাম সতর্কতার পরও ডেঙ্গু মোকাবেলার প্রস্তুতি ও সক্ষমতায় ঘাটতি রয়েছে। তাই শুধু ঢাকার দুই সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব ছেড়ে না দিয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের দাবি করছি।’
হাসানুল হক ইনু বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত যতটুকু হয়েছে, তা যথেষ্ট নয় এবং সমন্বিতও নয়। ঢাকার দুই মেয়রকে পদত্যাগ করানোর চাইতেও এখন জরুরি গাফিলতি, ব্যর্থতা ঝেড়ে ফেলে কাজ করা।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার মশা মারার ঔষধ উৎপাদনকারী বন্ধু রাষ্ট্র, দেশ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার কাছ থেকে জরুরি ভিত্তিতে আনার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর, কলকাতা, ফিলিপাইন, চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে ঢাকার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারে ছুটি দেয়ার আহ্বান জানান।

