নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালে অনুষ্ঠিত বিভিন্ন মেলায় প্রাপ্ত বাংলাদেশ কৃষি উন্নয়নকর্পোরেশন (বিএডিসি)’র প্রথম পুরস্কারসমূহ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র নিকট হস্তান্তর করেছেন বিএডিসি’র চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম।
গত ২৮ জুলাই কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রকল্প এবং রাজস্ব বাজেটভুক্ত কর্মসূচিসমূহের জুন, ২০১৯ পর্যন্ত সময়ের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ পুরস্কারসমূহ হস্তান্তর করা হয়। গত বছর কৃষি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় সবজি মেলা, জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা, জাতীয় বীজ মেলা ও জাতীয় বৃক্ষ মেলায় বিএডিসি প্রথম পুরস্কার অর্জন করে। এসব মেলায় প্রতিপাদ্য ভিত্তিক স্টলের যথার্থতা, আকর্ষণীয় সাজসজ্জা, প্রদর্শিত দ্রব্যের মান, প্রদর্শিত প্রযুক্তির মান ও সংখ্যা, স্টল উপস্থাপনের কৌশল, স্টল কর্তৃক প্রদত্ত সেবা ও মান, দর্শকের আগ্রহ ও মনোভাব, প্রদর্শকের উপস্থিতি ও দায়িত্বশীলতা ইত্যাদি বিষয় মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারী স্টলগুলোকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার হস্তান্তরকালে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা প্রধানগণ, পরিকল্পনা কমিশন ও আইএমইডিএ’র প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

