নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ডেঙ্গুকে আমরা সিরিয়াসলি নিয়েছি, আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি।’
‘কেন্দ্রীয়ভাবে ছাড়া আমাদের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করব, জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে।’
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রীসহ দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেয়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ওষুধ যেন সরবরাহ করা হয়।’
‘জনগণকে ডেঙ্গুর আতঙ্ক থেকে রক্ষা করতে হবে। জনগণকে বাঁচাতে হবে। সেই চ্যালেঞ্জ দিয়ে আমরা মাঠে নেমেছি ।’

