ঢাকাTuesday , 23 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।
গত ৪ মে রাতে সাংবাদিকদের বাসায় ডেকে ছোট ভাই কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন এরশাদ। ১৪ জুলাই রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরশাদের মৃত্যুর চার দিন পর জিএম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান করা হয়েছে বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
তবে গতকাল রাতে দলটির পক্ষ থেকে হাতে লেখা একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে জানানো হয়, যথাযথ ফোরামে আলোচনা করে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়নি।
হাতে লেখা বিবৃতির প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেইভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।’ বলেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনো পল্লীবন্ধুর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবে তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা। কোনো সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।
এর আগে দলের বনানী অফিসে বন্যার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন জি এম কাদের। আগামীকাল বুধবার দুপুরে জাপা চেয়ারম্যান জামালপুরের ইসলামপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- পার্টির উপদেষ্টা আশরাফ উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান দেওয়ান আলী, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম দপ্তর সম্পাদক এম এম রাজ্জাক খান প্রমুখ।