নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষের চাওয়া পূরণে অগ্রসর হতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনশন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি অনেক চালাক। আপনার যতটুকু বুদ্ধিমত্তা আছে তা দিয়ে সঠিক সময়ে সঠিক কাজটা করুন। আপনার ন্যায়-নীতি যতটুকু আছে, তা দিয়ে সাধারণ মানুষের চাওয়া পূরণের দিকে অগ্রসর হন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ অনশনের আয়োজন করে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন।
খালেদা জিয়ার কারাবন্দি হওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বলেন, আমরা দেখি, ২ কোটি টাকাকে কেন্দ্র করে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে। ওই ২ কোটি টাকার একটি টাকাও অপচয় হয়নি। বরং এই টাকা বেড়ে ৭ কোটি হয়েছে। অথচ হাজার হাজার কোটি টাকা যারা মেরেছে তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী চলছেন। এ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিন।
গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিকল্প ধারার একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমেদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

