নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ‘শিক্ষকরা জাতির বিবেক না অন্যকিছু, সেটি নিয়ে আমাদের প্রশ্ন হয়।’
তিনি বলেন, ‘আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট কারচুপি, লেজুড়বৃত্তিক রাজনীতিসহ নানা কিছুর সাথে জড়িত থাকে, তখন তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যায়।’
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এদিকে ধর্ষণ, খুন ও দুর্নীতি বন্ধ ও ধর্ষকদের শাস্তির দাবিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল শেষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
নুর বলেন, ‘আজকে ৯ মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা ধর্ষণ থেকে রক্ষা পাচ্ছেন না। অপরাধ করে অপরাধীরা ক্ষমতার জোরে পার পেয়ে যায়। এদেশে অন্যায়-অবিচার যেদিকে যাচ্ছে, আজকে আমরা যদি না জাগি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেবে।’
এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংগঠনের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

