নিজস্ব প্রতিবেদক : ‘সিএমএইচে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন বলা যাবে না, তবে তিনি বেঁচে আছেন। কোনোভাবে শঙ্কামুক্ত নন তিনি। যন্ত্র এবং ওষুধের মাধ্যমে তাকে সচল রাখা হয়েছ।’
সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঘুমের ওষুধ ও বেদনানাশক ওষুধ দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তাকে সচেতন করা হবে।
তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিমভাবে তার শ্বাসপ্রশ্বাস চলছে। ফুসফুস কিছুটা কাজ করছে। অল্প অক্সিজেন দেওয়াতেই নিঃশ্বাস স্বাভাবিক আছে তার।
চিকিৎসকদের বরাত দিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার ব্লাড প্রেসার ও হার্টবিট স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই তার শরীরে রক্তের কিছু কিছু উপাদান দেওয়া হচ্ছে। ফুসফুস, কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।’
এইচ এম এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন জিএম কাদের। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহাজাদা, মো. শাহাজাহান মনসুর, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক, মঞ্জুরুল হক, মো. ইয়াকুব, মোস্তফা কামাল, মোহাম্মদ মোহিবুল্লাহ, হাজী সিরাজ, জাকির হোসেন, এম এ হালিম, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।

