নিজস্ব প্রতিবেদক : দেশের আদালতে বিভিন্ন অপরাধের যেসব মামলা চলমান রয়েছে, সেগুলোর বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ দাবি জানান।
বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত অপরাধের বিচার হচ্ছে। নিম্ন আদালতে বিচারের পর সেটা উচ্চ আদালতে আটকে যাচ্ছে, সময় লাগছে। আমি আইনমন্ত্রীকে বলব, উচ্চ আদালতে এই বিচারগুলো দ্রুত করার ব্যবস্থা নিন।’
গ্যাসের দাম নিয়ে জাতীয় সংসদে বিএনপিকে কথা বলার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘শুনলাম কয়েকটি রাজনৈতিক দল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডেকেছে। হরতালের রাজনীতি এখন ভোতা হয়ে গেছে। হরতাল দিয়ে নৈরাজ্য করে, হৈ চৈ করে লাভ হবে না।’
‘যারা ডেকেছেন তাদের বলব, হরতাল প্রত্যাহার করেন। আপনাদের প্রতিনিধিদের বলেন, সংসদে গিয়ে এটা নিয়ে কথা বলতে। আমরাও বলেছি, গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে। আমি বিএনপিকে বলব, আপনাদের প্রতিনিধিদের বলেন সংসদে এটা নিয়ে কথা বলতে।’
১৯৯৪ সালে শেখ হাসিনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলির মামলার রায়ের প্রসঙ্গ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সেদিন শেখ হাসিনাকে হত্যা করার জন্য ট্রেনের বগিতে গুলি চালানো হয়েছিল। আগে থেকেই বিএনপির লোকজন স্টেশন ঘিরে রেখেছিলোল। শেখ হাসিনা তখন বিরোধীদলের নেতা। খুলনা থেকে জনসংযোগ করতে করতে ঈশ্বরদী এসে ট্রেন দাঁড়ালে তিনি দরজার সামনে আসেন, আর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।’
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলগীরের বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, ‘বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা মিথ্যা মামলা। আসলে এরা কত বড় ভণ্ড। এত বড় ঘটনাকে বলছে মিথ্যা। এই হচ্ছে বিএনপির রাজনৈতিক চরিত্র।’
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কামাল চৌধুরী, ডা. দিলীপ রায়।

