নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান অসুস্থ্ হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ইশারায় কথা বলেছেন ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার ১১টার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচে চিকিৎসাধীন বড়ভাইকে দেখতে যান। এসময় তিনি খুব কাছে গিয়ে তার সঙ্গে ইশারায় কথা বলেন। কপালে হাত দিয়েছেন। তখন এরশাদ চোখ মেলে তাকিয়েছেন এবং তার কথা শুনেছেন।
এইচ এম এরশাদের শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে তার বনানী অফিসে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিং করেন জিএম কাদের।
তিনি বলেন, ‘আমার সঙ্গে ভাই এর কথা হয়েছে। তিনি চোখ মেলে তাকিয়েছেন। আমার কথাও শুনতে পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুস ও কিডনীর কিছুটা উন্নতি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে তিনি সুস্থ্ হয়ে উঠবেন বলে আশা করছি।’
গোলাম মোহাম্মদ কাদের জানান, ‘এখনো পার্টির চেয়ারম্যানের অবস্থা শঙ্কামুক্ত নয়। তার জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি দ্রুত সুস্থ্ হয়ে উঠেন। আবারো জাতীয় পার্টির হাল ধরতে পারেন।’
প্রেসব্রিফিংয়ে প্রেসিডিয়াম সদস্য- সুনীল শুভরায়, মো. আজম খান, ভাইস-চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব- হাসিবুল ইসলাম জয়, সম্পাদক মন্ডলী সদস্য- মো. শামছুল হক, শাহজাহান মনছুর, অ্যাড. আহমেদ শফি রুবেল, এম.এ. রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশবাসীর কাছে অনেক জনপ্রিয়। তাঁর গ্রহণযোগ্যতা অতুলনীয়। তাই দেশবাসী সারাক্ষণ পল্লীবন্ধুর শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানতে উদগ্রীব। এজন্য জাতীয় পার্টির প্রতিদিনের ব্রিফিং-এর বাইরের অন্য কোন সূত্র থেকে পাওয়া বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতে অনুরোধ জানান তিনি।

