নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই আহুত আধাবেলা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। মিছিলের আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, জোটের শীর্ষনেতা মোস্তফা আল খালিদ, রফিকুল ইসলাম, শামসুল হক সরকার, আবু মাসুম, রাসেল আহমেদ, মাষ্টার খোকন প্রমুখ।
গ্যাসের মূল্য বৃদ্ধির সমালোচনা করে নেতারা বলেন, এই সরকার গণবান্ধব সরকার নয়। বাজেটে ভ্যাটের নামে জনগণের কাঁধে করের বোঝা চাপিয়েছে । আবার গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আইনে আছে, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানীগুলো লাভজনক অবস্থায় থাকলে দাম বাড়ানো যাবে না। এটিও সরকার এখন মানতে চায় না।
ডা. এম এ সামাদ বলেন, অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করুন। নইলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি দেশবাসীকে ৭ জুলাই সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তোপখানা রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

