নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বরগুনায় রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই।
সোমবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রাণালয়ে তিনি এসব কথা বলেন। চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও বরগুনায় রিফাত হত্যায় জড়িত প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। হত্যায় জড়িতদের সরকারি দলের আশ্রয় দেওয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে, দেশের যিনি সরকারপ্রধান তিনি এক্ষেত্রে শূন্য সহনশীলতায় রয়েছেন। এ ঘটনায় নয়জন গ্রেপ্তার হয়েছে। বাকিরাও দ্রুত গ্রেপ্তার হবে। গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে।’
তিনি আরো বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তারা যদি সরকারি দলেরও কেউ হন, কেউ রেহাই পাবে না। এটা পুলিশসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।’

