নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৯ জুলাই ।
রোববার মামলাটি খালেদা জিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২৯ জুলাই গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেন।
এনিয়ে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানা পুলিশ ৬ বার সময় নিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী এতথ্য জানান।
গত ২০ জানুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।
২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।
খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বিতর্কিত মন্তব্য করেন।
মামলাটিতে গত বছর ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

