নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে সরকারকে না খেলার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদ ভবনের নকশায় জিয়াউর রহমানের কবর নেই জানিয়ে তা সেখান থেকে সরিয়ে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন।
ওই প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না। দেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে তার মৃত্যুর পরে জানাজায় দেখেন নাই।? কবর সরানোর চেষ্টা হলে সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করবে।
তিনি বলেন, মোজাম্মেল সাহেবদের কাছে পাকিস্তানের করা নকশা এতো পছন্দ হয়ে গেছে কেন? পাকিস্তানের করা ডিজাইন বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে হবে? আপনাদের তো পাকিস্তানকে এতো ভালোবাসার কথা নয়।
সুইস ব্যাংকে অর্থপাচার বিষয়ে তিনি বলেন, আপনারা যে বাজেট দিয়েছেন তা শ্রমিকবান্ধব নয়, কৃষকবান্ধব নয় এবং ব্যবসাবান্ধবও নয়। এই বাজেট ব্যবসায়ীবান্ধব, এতে যারা ব্যবসা করে তাদের মুনাফা বৃদ্ধি পাবে। কোনো কাজে আসবে না। কারণ এই বাজেট বিদেশে পাচার হয়ে যায়। বিএনপির সুইস ব্যাংকে রাখার অর্থ নেই। সব কিছু লুটপাট করার জন্যই ব্যবসায়ীবান্ধব বাজেট দিয়েছেন আপনারা, যাতে শ্রমিকের কোনো কল্যাণ নেই, কৃষকদের কল্যাণ নেই।
তিনি বলেন, গত ১০ বছরে ৪০ হাজার কোটিরও বেশি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব কাদের টাকা? জনগণ ও বাংলাদেশের টাকা। এই টাকা কারা পাচার করলো? সে বিষয়ে তো আপনি কোনো খোঁজ নিচ্ছেন না। আর আপনি ভয়ঙ্কর একটি রিপোর্ট দিলেন! আরে ৩০০ আসনে মনোনয়ন বানিজ্য করলে কত টাকা পাওয়া যেতে পারে?
নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে নজরুল ইসলাম খান বলেন, নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যায় না তা আপনারাই তো ভালো জানেন। ৬ দফার পরে বহু নেতা গ্রেফতার হয়। কিন্তু ৭০ এর নির্বাচনে কি আপনাদের হারাতে পেরেছে? আজও একটি নির্বাচন দিয়ে দেখুন না, কিভাবে আপনারা বিএনপির কাছে হেরে যান, দেখবেন।
শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

